প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ‘দ্য গ্রিন ডায়ালগ: ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিবেট ক্লাব অব ল, প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ১০ জুন ২০২৬, বুধবার, দুপুর ২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী। আইন বিভাগের সভাপতি জনাব অনুপ কুমার বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস অনুষ্ঠানটির সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ভাবনা বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে আইনের কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সপ্তাহব্যাপী অন্তঃবিভাগ পরিবেশ আইন বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ (বাংলা ও ইংরেজি) এবং অন্তঃবিভাগ পরিবেশ সচেতনতা পোস্টার প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার বিচারকার্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) সার্বিক সহযোগিতা প্রদান করে।
আলোচনা পর্বে বিতর্ক প্রতিযোগিতার গ্রীন ওরেটর পুরস্কারপ্রাপ্ত মিজানুর রহমান ও কাজী মাইমুনা তাঁদের মতামত উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির পরিবেশ দূষণের বিভিন্ন উদাহরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, গ্রীন হাউস গ্যাসের কারণে পৃথিবীতে উষ্ণতা ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র বা কোনো একটি প্রতিষ্ঠানের নয়, বরং প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে হবে এবং টেকসই উন্নয়নের দর্শনকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করতে হবে।
বিশেষ অতিথি জনাব তানজিনা আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কেউ যেন, কিছুই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই পরিবেশগত ন্যায়বিচার। আমি চাই, পৃথিবী সবসময় সবুজ থাকুক, বাসযোগ্য থাকুক। তিনি পরিবেশের সুরক্ষায় সচেতনতা থেকে অ্যাকশনে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত ন্যায়বিচার বিষয়ে আলোচনা করেন।
সহযোগী অধ্যাপক জনাব হিল্লোল সাহা জীবাশ্ম জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে চ্যালেঞ্জ ও পরিবেশ সংরক্ষণে আইনি ঘাটতি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
সহকারী অধ্যাপক ফাহমিদা কাদের বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা প্রয়োজন। কিন্তু শুধু সচেতনতা নিয়ে পড়ে থাকলেই হবে না, কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে আইন বিভাগের সভাপতি অনুপ কুমার বিশ্বাস পরিবেশ সংরক্ষণে আইনের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষ, সচেতন এবং মানবিক আইনজীবী ও আইনবিদ তৈরির লক্ষ্যে বিভাগ নিয়মিতভাবে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম আয়োজন করে যাচ্ছে।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিতর্ক ও পোস্টার প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আহমদ রাজীব চৌধুরী, ড. হুমায়রা নওশীন উর্মি, সহকারী অধ্যাপক জনাব ফরিদ উদ্দিন আহমেদ, জনাব ফাহমিদা কাদের, জনাব ইয়াসমিন ফারজানা, জনাব সালমা মরিয়ম, জনাব তাকমিনা কামাল, জনাব মাহবুবা সুলতানা, জনাব তাহমিনা সানজিদা সাহীদ, জনাব সুরিনা তারজিদ ও প্রভাষক মেহেরুন্নেসা বেগম।